সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে গ্রাহকদের মধ্যে ক্যাশলেস ব্যাংকিং সেবা জনপ্রিয় করতে উদ্বুদ্ধকরণ সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, সখীপুর শাখা।
আজ বেলা ১১টায় ব্যাংক প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সখীপুর শাখার ব্যবস্থাপক সাঈদী সাদাদ খান।
আলোচনা সভায় বক্তব্য দেন ব্যবসায়ী আবদুল হাই তালুকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার এবং ব্যবসায়ী মোস্তফা কামাল।
এ সময় সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী শরীফুল ইসলাম, ব্যবসায়ী সেলিম শিকদার, ব্যবসায়ী সামায়ুন কবিরসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।