সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাছটি দেখতে ভিড় জমে গোবিন্দাসী বাজারে।
জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতীর গোরিলা বাড়ি এলাকার এক জেলে সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার রাতে যমুনা নদীতে মাছ ধরতে যান। রাতে তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।
মাছ বিক্রেতা বলেছেন, নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এত বড়ো মাছ নদীতে সব সময় পাওয়া যায় না। অনেক দিন পর এত বড়ো মাছ শিকার করতে পেরে আমি খুশি।
মাছ ব্যবসায়ী আব্দুল হালিম জানান, কালিহাতীর গোরিলা বাড়ি এলাকার এক জেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসে। পরে ৫০ হাজার টাকা দিয়ে কিনে বণ্টন করা হয়।
গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সভাপতি বাবলু হাওয়ালদার বলেছেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড়ো বড়ো মাছ পাওয়া যায়। আজ ৩৩ কেজি ওজনের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।