সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া ও সাংবাদিকদের বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিবার কল্যাণ পরিদর্শিকাকে বদলির করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা টাঙ্গাইল এর উপ-পরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানমের এক স্বাক্ষরিত আদেশনামায় এ আদেশ দেয়া হয়।
আদেশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফরিদাকে বদলি করে জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া ও সাংবাদিকদের বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা। গত (১৮ আগস্ট) মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভিডিওটি সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়।
পরে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্ট দপ্তর থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম ও উপজেলা পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার ডাঃ সোনিয়া আক্তারকে তদন্তের দায়িত্ব দেন। এর প্রেক্ষিতে গত ২৩ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে (২ সেপ্টেম্বর) পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বদলির আদেশ দেয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।