মুন্সীগঞ্জ প্রতিনিধি
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আওতায় মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কাটাখালী খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা, পরিবেশ সুরক্ষা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়টি গুরুত্ব পায়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল দ্রুত ধ্বংস করতে সবার প্রতি আহ্বান জানান।