মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তোতা মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রুমান (২৮) নামে কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ৩টা ১২ মিনিটের দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাছের পোনা বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তোতা মিয়া নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক রুমান গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক স্পেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রাণীনগর থানার পারুল ভূসিয়া গ্রামের আমজাদের ছেলে। আহত রুমানের বাড়ি বগুড়ার আদমদিঘীতে।
ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই গাড়িতে চালক রুমান ও মাছের পোনার মালিক তোতা মিয়া ছিলেন।