বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের আইসিইউর মেডিক্যাল অফিসার ডা. হাসান আল বান্না এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।’
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে পরিচিতরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর বিষক্রিয়ার আশঙ্কায় চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার বিকাল থেকে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়া প্রয়োজন মনে করায় সেখানে স্থানান্তর করা হয়।
বর্তমানে লাইফ সাপোর্টে রেখে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।