আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (৩০) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের আব্বাস ক্বারির তৃতীয় ছেলে। তিনি কাতারপ্রবাসী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে তিনি দেশে ফেরেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আল আমিন। পথে কুটির বাড়ি এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল আমিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।