দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টাকালে পাচারকারীসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক পাচারকারীর নাম সিলভার চাকমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী রাত্রি সরকার (১৪) উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় পুশ-ইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস সংলগ্ন ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে ওই কিশোরী ও পাচারকারীকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করেন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে সিলভার চাকমার সহায়তা নেয়। এ সময় তাকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, আটক পাচারকারী ও উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।