সখীপুর (টাংগাইল) প্রতিনিধি:
ফ্রিজটি ব্যবহারের কথা ছিল রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ নমুনা সংরক্ষণে। কিন্তু সেই ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তাজা মাছ! রোগীর পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহৃত প্যাথলজি বিভাগের ফ্রিজে মাছ সংরক্ষণের এমন দৃশ্য দেখে হতবাক অভিযান পরিচালনাকারী কর্মকর্তারাও।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইলের সখীপুরে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অনিয়মের চিত্র ধরা পড়ে। এ ঘটনায় নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে সখীপুরের নিধি ডায়াগনো কমপ্লেক্সে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগের ফ্রিজে রোগ নির্ণয়ের নমুনা রাখার পরিবর্তে তাজা মাছ সংরক্ষণ করতে দেখা যায়।
স্বাস্থ্য পরীক্ষার মতো স্পর্শকাতর সেবায় ব্যবহৃত সরঞ্জাম ও সংরক্ষণব্যবস্থায় এমন অনিয়মকে গুরুতর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরে প্যাথলজি বিভাগটি সিলগালা করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে পাশের গ্রিন লাইফ হসপিটালেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে কয়েকটি মেয়াদোত্তীর্ণ ক্যানুলা পাওয়া যায়। রোগীদের চিকিৎসায় ব্যবহৃত এসব চিকিৎসা-সামগ্রীর মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও প্রতিষ্ঠানে সংরক্ষণ করায় কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে আশপাশের আরও কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের সতর্ক করা হয়।
এক রোগী জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজনগুলোর একটি। বিশেষ করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার নমুনা সংরক্ষণ, যন্ত্রপাতি ব্যবহার এবং চিকিৎসা-সামগ্রীর মান ও মেয়াদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ প্যাথলজির ফ্রিজে মাছ রাখার মতো ঘটনা খুবই দুঃখজনক।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম কিংবা ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে তাঁর সঙ্গে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহানা পারভীন উপস্থিত ছিলেন।