জুয়েল রানা, মধুপুর
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে মধুপুর সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশের এলাকা থেকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদের, উপজেলা সেক্রেটারি রিজওয়ান উল্লাহ খান রেদোয়ান, পৌর আমির ইকবাল হাসান, ইউনিয়ন আমির মো. হুমায়ুন কবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস আলী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মধুপুর পৌর শাখার সভাপতি মো. মানসুর রহমান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গণরায়ের যথাযথ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তারা জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দেশকে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।