মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে শহরের লিচুতলা জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকাল ৯টায় স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। এরপর জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাগণ, সিভিল সার্জন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা কালেক্টরেট মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের কথা তুলে ধরে তাঁদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।