নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামের এক নারীকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কের সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতি বাজার এলাকায় “আশেকানে হাওলাপুরী” মদন-চট্রগ্রাম যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
মরিয়ম বেগম উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। এলাকায় ওই নারী ইয়াবা জুয়েলের স্ত্রী হিসেবে পরিচিত।
বুধবার দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বিষয়টি জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার জুয়েল মিয়া ওরফে ইয়াবা জুয়েলের স্ত্রী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন এ দম্পতি। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-মদন যাত্রীবাহী বাস “আশাকানে হাওলাপুরী” করে বুধবার সকালে কেন্দুয়া নামার কথা।
কিন্তু বুধবার সকালে কেন্দুয়া উপজেলার হোনারগাতি এলাকায় বাসটি পৌঁছালে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ওই নারীর কাছ থেকে ৭হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করেন।
একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় , নেত্রকোণা বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স ” নীতি বাস্তবায়নে সদা জাগ্রত এবং মাদক অপরাধ দমনে অঙ্গীকারাবদ্ধ।