টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪ নং কুড়াগাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পলাইটেকী এলাকার শারীরিক প্রতিবন্ধী খাদিজা বেগম (৪০) পিতা. ওমর আলীর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন ৪নং কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মৃধা। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় নিজ উদ্যোগে খাদিজা বেগমের বাড়িতে গিয়ে তিনি হুইলচেয়ারটি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী। হুইলচেয়ার তুলে দিয়ে সুমন মৃধা বলেন,সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত খাদিজা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা সুমন মৃধার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা খাদিজা বেগমের চলাফেরা সহজ করবে এবং তাঁর দৈনন্দিন জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসীও এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এ ধরনের কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।