শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দহখানপুর ব্রিজের রেলিং ভেঙে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজের দুপাশের রেলিংয়ের কংক্রিট খসে পড়ে ভেতরের লোহার রডগুলো পুরোপুরি বের হয়ে গেছে। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ ও যানবাহন চালকেরা চরম আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের একপাশের রেলিং প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কংক্রিটের ওপরে থাকা খুঁটিগুলো ভেঙে ঝুলে আছে এবং মরিচা ধরা রডগুলো বিপজ্জনকভাবে বাঁকা হয়ে বের হয়ে রয়েছে।
ব্রিজের পাশেই রয়েছে গভীর জলাশয়, যা এই পথকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে রাতের বেলা বা ঘন কুয়াশায় এই রাস্তা দিয়ে চলাচল করা মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন ও পথচারী চলাচল করেন। রেলিং না থাকায় অসাবধানতাবশত যেকোনো সময় গাড়ি বা পথচারী নিচে পড়ে গিয়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে এই দহখানপুর ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন বলেন, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে আশাকরি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ব্রিজটি অনেক পুরাতন হওয়ায় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঐখানে নতুন ব্রিজ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরছি। খুব দ্রুত নির্মাণ কাজের টেন্ডার হবে।