শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুন শুক্রবার, জুমার নামাজ শেষে স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শেরপুরস্থ কেন্দ্রীয় শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া হাজারো তৌহিদী জনতা কালিমার পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ।
ধর্মপ্রাণ মুসলমানরা ব্যানার ও কালিমার পতাকা উঁচিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কালিমা মুসলিম উম্মাহর ঈমানের মূল ভিত্তি। ঢাকার হানিফ ফ্লাইওভারে যেভাবে কালিমার পতাকা অপসারণ ও অবমাননা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।