নাটোরের গুরুদাসপুরে নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুর হোসেন (৩৪) এবং যুবলীগ নেতা ইসমাইল হোসেন। নুর হোসেন বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুন্নাফ হোসেনের ছেলে। ইসমাইল হোসেন একই ইউনিয়নের দস্তানগর গ্রামের মৃত আজিজুল সোনারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, ‘উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।