চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার তাকে মুক্তি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারাও জানিয়েছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করা হয়েছে।
এদিকে আটকের ঘটনার পরই সাংগঠনিক ব্যবস্থা নেয় জাতীয়তাবাদী যুবদল। রোববার রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়।
যুবদল কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, বহিষ্কৃত কোনো নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।