মুন্সিগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ প্রায় ২৫ বছর পর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার মিরকাদিম ও পঞ্চসার ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্ধার কার্যক্রম উদ্বোধনের আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রিকাবীবাজার এলাকায় খাল পরিদর্শন করেন। পরে তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখে উদ্ধার কার্যক্রমের সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে নয়নের খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালটি পুনরুদ্ধারের মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে খালটিকে সম্পূর্ণভাবে অবৈধ দখলমুক্ত করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা নয়নের খাল পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা কমবে, নৌপথের সম্ভাবনা সৃষ্টি হবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরে আসবে।