মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ বেলায়েত হোসেন টঙ্গী জোন অফিস পরিদর্শন করেছেন।
বুধবার (১৭ জুন ২০২৬) তিনি টঙ্গী জোন অফিসে এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় টঙ্গী জোন অফিস, টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার সংশ্লিষ্ট থানাগুলোর আইনশৃঙ্খলা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা ও সদস্যদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া তিনি পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, ব্যারাক, মেস ও অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। কর্মরত সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন, অতিরিক্ত দায়িত্বে টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ জিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সদস্যদের কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ জোরদার করা হচ্ছে।