মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হাই-স্পিড ইঞ্জিনচালিত নৌকা, ধারালো অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত ৯টা ২৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি হাই-স্পিড নৌকা আটক করে তল্লাশি চালানো হলে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারা মিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি হাই-স্পিড ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট এবং সাতটি কাঠের বৈঠা উদ্ধার করা হয়েছে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মাবুদ জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের একটি সংঘবদ্ধ নৌ ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীর বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
তিনি আরও জানান, গত ৮ জুন গজারিয়া উপজেলার লস্করদী এলাকা থেকে নৌ ডাকাত দলের সর্দার মো. জাকির হোসেন ও তার সহযোগী মুক্তার ওরফে কালামুক্তারকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে নদীপথে ডাকাতির পরিকল্পনা ও কার্যক্রমে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।