রাবি প্রতিনিধি: এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা পূরণের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সিনেট কার্যকর করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে সাবেক হবিবুর রহমান হল সংসদের ভিপি আহসানউল্লাহ ফারহান বলেন, গত এক বছরে ১৭টি হল সংসদের সদস্যরা দিনরাত পরিশ্রম করে শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। এমনকি একটি বাল্ব নষ্ট হলেও শিক্ষার্থীরা আস্থার জায়গা থেকে তাঁদের প্রতিনিধিদের ফোন দিতেন। শিক্ষার্থীদের এই আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দ্রুত রাকসু নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি।
নির্বাচন বানচালের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না উল্লেখ করে ফারহান বলেন, ‘নির্বাচনে ২৮০টি পদে হেরেছেন বলেই যে ভবিষ্যতে আর জেতা যাবে না, বিষয়টি তেমন নয়। কষ্ট ও চেষ্টা করলে আগামীতে অন্যান্য দলও কিছু পদে জয়ী হতে পারে। কিন্তু তা না করে যদি চক্রান্তের মাধ্যমে রাকসু বন্ধের চেষ্টা করা হয়, তবে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘এসব অপকর্ম করে রাকসু বন্ধ করা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করেই ছাড়বে এবং চক্রান্তকারীদের আবারও ২৮০টি পদেই পরাজয় বরণ করতে হবে।’
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজীব বলেন, ভর্তি পরীক্ষার সঙ্গে রাকসুর তফসিল ঘোষণার বিষয়টি কীভাবে সম্পর্কিত, তা বোধগম্য নয়। এ বিষয়ে ছাত্রশিবির এর আগে একাধিকবার দাবি জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছে। দাবি আদায়ে বাধ্য হয়েই তাঁরা কর্মসূচি পালন করছেন। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, গত এক বছরে রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যেসব অধিকার নিশ্চিত হয়েছে, বিগত ৩৫ বছরেও তা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর রাকসুকে সচল করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে জড়তা কাটানো সম্ভব হয়েছে, তা কোনো প্রশাসন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে—এমনটা কেউ যেন স্বপ্নেও না ভাবে।
মেহেদী সজীব আরও বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক করে দেখার সুযোগ নেই। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে অধিকার সম্পর্কে যে সচেতনতা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাবে ইসলামী ছাত্রশিবির।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, ১৯৯০ সালের পর দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কারণে ছাত্র সংসদগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নজির থাকায় রাকসু নিয়েও তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ কারণে দ্রুত পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছেন তাঁরা।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় সিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সিনেট কার্যকর না থাকায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও পরিচালনায় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন না। এ দুটি দাবিতেই তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর নতুন তফসিল ঘোষণার দাবিতে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। তখন জানিয়েছিলাম, যথাসময়ে তফসিল ঘোষণা করা না হলে মাঠপর্যায়ে কর্মসূচি দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি।’
তিনি আরও বলেন, ‘এরপরও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হয়, তফসিল ঘোষণার উদ্যোগ না নেয় এবং নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’