শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্য দেন বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার এবং গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠুসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সরকারি এ উদ্যোগ শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তৃণমূল পর্যায় থেকেই বিজ্ঞানচর্চার মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
কর্মসূচিতে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে স্টল প্রদর্শন করে। পরে অতিথি ও বিচারকরা স্টলগুলো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, একাডেমিক সুপারভাইজার বজলুল রহমান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।