সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মিজান উদ্দিন মিজানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে ‘ফাহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিজান উদ্দিন মিজানের ছবি ব্যবহার করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ একটি পোস্ট প্রকাশ করা হয়। এতে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
লিখিত অভিযোগে মিজান উদ্দিন উল্লেখ করেন, বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ভবিষ্যৎ নিরাপত্তা ও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেন।
অভিযোগকারী বলেন, বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যা প্রচারণায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এমনকি অনেকেই আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি ফেইক আইডি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।