মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হাজিগাঁও গ্রামের মৃত আবুল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের অভিযোগ, ২০ থেকে ২৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত বাড়ির নিচতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ঘরে ঢুকে পারভীন আক্তার (৫০), ফরিদ মুন্সী (৪৭) ও মামুন মুন্সীকে (৩৮) অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। ককটেলের বারুদের আঘাতে ফরিদ মুন্সীর স্ত্রী আয়শা আক্তার আহত হন। তাঁর হাঁটুর নিচে আঘাত লাগে।
পরিবারের দাবি, ডাকাতরা ঘরের আলমারি ভেঙে জমি বিক্রির ২১ লাখ টাকা, আরও ৪ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার বেশি বলে দাবি তাদের।
ভুক্তভোগী ফরিদ মুন্সী বলেন, “প্রথমে বাড়ির সামনে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।”
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন ও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।”