আবু তাহের, জাককানইবি
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং এর পরিবর্তে টেকসই প্রকল্প ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জলবায়ু ধর্মঘট করেছে নির্ভয় ফাউন্ডেশন।
শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি ও তা জনগণের জন্য সহজলভ্য করার দাবিতে আয়োজিত জলবায়ু ধর্মঘটে অংশ নেয় নির্ভয় ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় তরুণরা দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে নিয়ে জলবায়ু সংকট নিরসন ও ন্যায়বিচারের দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। তাদের প্ল্যাকার্ডগুলোতে প্রকাশ পায় পৃথিবীকে জলবায়ু সংকট থেকে রক্ষা করার আকুতি।
প্রতিবাদকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ কর’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি কর’, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত কর’, ‘নবায়নযোগ্য জ্বালানিকে সহজলভ্য কর’ এবং ‘জলবায়ুর সুবিচার চাই’।
নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম বলেন, ‘উন্নত বিশ্ব তাদের আরাম-আয়েশের জন্য জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও বিক্রয়ের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়ছে। এখনই যদি সঠিক ক্ষতিপূরণ আদায় সম্ভব না হয়, তাহলে একসময় বাংলাদেশসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা সারা বিশ্বের তরুণরা আজ একত্রিত হয়েছি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে।’
উল্লেখ্য, ফ্রাইডেস ফর ফিউচার নামক আন্তর্জাতিক জলবায়ু আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে নির্ভয় ফাউন্ডেশন প্রতি বছর জলবায়ু ধর্মঘট পালন করে আসছে।