আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই বেকারিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার থ্রী স্টার বেকারী ও বিসমিল্লাহ বেকারীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় থ্রী স্টার বেকারীকে ১০ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।