নাটোরের লালপুরে ট্রাকের চাপায় একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)।
লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, সকালে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম মারা যান এবং আরও ছয়জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরুল ও বাবুল মারা যান।
আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।