রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সাথে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ২:১০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন একটি পিকআপ থামালে সেটিতে তল্লাশি চালানো হয়। পুলিশ চালকের আসনের নিচ থেকে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে। পরবর্তীতে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন কক্ষের সন্ধান পায় পুলিশ। সেখানে ৩৩টি জ্যামিতি বক্সের ভেতর ১৮০টি প্যাকেটে সুকৌশলে লুকানো ৩৬,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা (রাঙ্গাখালী) গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ইয়াবা ও জব্দকৃত পিকআপ সংক্রান্ত বিষয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।