মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ (৫৪) নামে এক ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ২৪টি মামলা রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল ডিঙ্গাভাঙ্গা গ্রামের শহীদ দেওয়ানের বাড়ির সামনের কাঁচা হাঁটার রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেন ওরফে ‘গাঁজা মনিরকে’ আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান জেলার বিভিন্ন এলাকায় চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান আরও জোরদার করা হবে।