রাবি প্রতিনিধি, এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোরামের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফোরামের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন পেশায় কর্মরত বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া, জনতা ব্যাংক আঞ্চলিক স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বার
মো. ফজলুল হক, এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাজশাহী অঞ্চলের সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার উৎপল কুমার, ৪৬তম বিসিএসে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আশিফা আশরাফি আশা, ফোরামের সাবেক সহসভাপতি মো. রাকিবুল ইসলাম এবং কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলাম বাহার।
অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ৩০ জন এবং শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠবিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ১৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এসব প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন ও ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
এ ছাড়া রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে সনদপত্র ও উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হন নুরে মিমটাজ (অন্নি), দ্বিতীয় মোছা. জান্নাতুল মাওয়া তুলি এবং তৃতীয় মোছা. লামিয়া আহম্মেদ। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদেরও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পাশাপাশি মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ফোরামের সাংগঠনিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের বিকাশ জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।