বিরোধী দল যথাযথভাবে দায়িত্ব পালন না করলে এবং সেই সুযোগে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে, তার দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বিগত ১৭ বছর আমরা নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’
বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিরোধী দল যদি বিরোধী দলের মতো দায়িত্বশীল ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় ‘গুপ্ত জামায়াতকে’ নিতে হবে।
দেশের বিদ্যুৎ খাতের পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আওয়ামী লীগ। পরবর্তী সময়ে ইউনূস সরকারের আমলেও বিদ্যুৎ খাতের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করতে পরিকল্পিতভাবে কাজ করছে। বিশেষ করে দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচারী শক্তি যেন দলের ভেতরে অনুপ্রবেশ করে সাংগঠনিক ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, যারা মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করতে চায় কিংবা তাঁদের অসম্মান করার চেষ্টা করে, বিএনপি তাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে।
এর আগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শামা ওবায়েদ। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।