মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী সাখাওত হোসেন শেখ তার ব্যক্তিগত তহবিল থেকে এ উদ্যোগ গ্রহণ করেন।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার প্রায় ১৭০০ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান, সাখাওত হোসেন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিয়ে আসছেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করেন স্থানীয়রা। পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তার এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আকতার মোল্লা, বেতকা ক্লাবের সভাপতি কামাল মোল্লা, খিলপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন দেওয়ান, চাঙ্গুরী ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর বেপারী, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, মজিবুর মেম্বার, হাশেম মেম্বার, বারেক বেপারী, হাসেম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।