গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা। মঙ্গলবার নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা বর্তমান সংবিধানের মূলনীতিগুলো বহাল রাখতে চান তারা ‘না’ ভোট দিতে পারেন, আর যারা সংস্কার, উচ্চকক্ষ গঠন ও শাসনতান্ত্রিক পরিবর্তন চান তারা ‘হ্যাঁ’ ভোট দিন।
এদিকে শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারীসহ আরও কয়েকজন আলেমও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত প্রকাশ করেছেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে কেবল পরিবর্তন নয়, বরং মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে সংস্কারের অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, সংস্কার কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে বাস্তবায়ন করা উচিত এবং এ প্রক্রিয়ায় প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত।
হেফাজতে ইসলাম বাংলাদেশও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। বুধবার রাতে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, গণভোটের মাধ্যমে রাষ্ট্র ও সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের পথ সুগম করা উচিত। পাশাপাশি তারা দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক দমন-পীড়নের অবসান চেয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানায়।