মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে এক ব্যক্তি আটক
ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ-এর যৌথ অভিযানে সাদ্দাম হোসেন নামের এক আওয়ামী লীগ নেতা কে আটক করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানা-এর নবারণ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওহাব আলী চৌকিদারের ছেলে।
সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।