চট্টগ্রামে এক ছাত্রদল নেতার বিয়ের অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমী ও আলোচিত এক আয়োজন। প্রচলিত ফুলের পরিবর্তে অতিথিদের হাতে তুলে দেওয়া হয়েছে ধানের শীষ। সম্প্রতি এই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রবেশপথে দাঁড়িয়ে বর ও কনে অতিথিদের ফুল নয়, বরং ধানের শীষ উপহার দিচ্ছেন। অতিথিরাও হাসিমুখে সেই ধানের শীষ গ্রহণ করছেন। জানা গেছে, এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা হলেন চট্টগ্রাম ইপিজেড থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর আহ্বায়ক নুর মোহাম্মদ সাহেদ।
সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার রীতি থাকলেও, সাহেদের বিয়েতে ধানের শীষ ব্যবহারের বিষয়টি অনেকের কাছে নতুন ও ব্যতিক্রমী বলে মনে হচ্ছে। এ বিষয়ে নুর মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। সেই ভাবনা থেকেই তিনি ফুলের বদলে ধানের শীষ দিয়ে অতিথিদের বরণ করার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, “ধানের শীষ আমাদের গণতন্ত্রের প্রতীক। আমি চেয়েছি আনন্দের এই মুহূর্তেও সেই মূল্যবোধের প্রতিফলন থাকুক।” অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, এমন আয়োজন আগে কখনো দেখেননি এবং এটি সত্যিই ভিন্নধর্মী ও স্মরণীয় হয়ে থাকবে।
ছাত্রদল নেতার বিয়েতে ফুলের বদলে ধানের শীষ পেলো অতিথিরা