মজনুর রহমান ,মেহেরপুর প্রতিনিধি:
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।