সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে সচেতন, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে আবু সাদিক কায়েম লেখেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শরিফ ওসমান হাদির শাহাদাতের পর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও প্রক্সি ষড়যন্ত্রকে পরাজিত করার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য।
তিনি আরও লেখেন, একই সঙ্গে আধিপত্যবাদের এদেশীয় দোসর ও সহযোগীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, সংবাদপত্র কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলো সেই ষড়যন্ত্রেরই অংশ হয়ে থাকতে পারে।
সাদিক কায়েম ছাত্র-জনতাকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।