ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“ব্লেমিং-ফ্রেমিংয়ের রাজনীতি দিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছেন ছাত্রদল। এতে শিবিরের কিছুই হবে না, বরং ভবিষ্যতে এটি তাদের নিজেদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।”
তিনি আরও অভিযোগ করেন,
কোনো প্রমাণ ছাড়াই একজন শিক্ষার্থীকে হুমকিদাতা আখ্যা দিয়ে শিবিরের ওপর দায় চাপানো হচ্ছে। কায়েমের দাবি, ওই শিক্ষার্থীর প্রোফাইলে একটি ছবি দেখে তাকে শিবির বলা হলেও একই প্রোফাইলে ছাত্রদল নিয়ে ১০টিরও বেশি পোস্ট রয়েছে, অথচ এজন্য তাকে কেউ ছাত্রদল বলে উল্লেখ করছে না। “এটি একটি সুসংগঠিত সিন্ডিকেটেড প্রোপাগান্ডা,” মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা অভিযোগ করেন, শিক্ষক ও বিশিষ্টজনরা নির্বাচনে পক্ষপাতমূলক অবস্থান নিচ্ছেন। “আমরা কি আপনাদের শিক্ষার্থী নই? তাহলে আমাদের বিষয়ে আপনারা নীরব কেন?” প্রশ্ন তোলেন তিনি।
শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন,
“একটি ইস্যুকে কেন্দ্র করে দায় চাপানোর রাজনীতি চলছে। আমরা হুমকিদাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছি। এছাড়া আমি নিজে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোন করে বলেছি, তার যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয় আমরা দিতে প্রস্তুত আছি।”
শিবিরের প্রার্থীরা আরও অভিযোগ করেন, তাদের নারী প্রার্থীরা নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, অথচ এ নিয়ে কেউ প্রতিবাদ করছে না। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানান।