মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন এবং যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী নেতারা ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি–চুরি–ছিনতাই নিয়ন্ত্রণ, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছ–শান্তিপূর্ণ–নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার নানা প্রস্তাব তুলে ধরেন।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার তাঁর বক্তব্যে বলেন,
“গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন–শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতার সাথে কাজ করছে। মাদক দমনে সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এজন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন,
“নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জিএমপি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। একটি নিরাপদ মহানগর গঠনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা জরুরি।”
মতবিনিময় সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।