আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও রাজশাহী–ঢাকা রেলপথে অবরোধ কর্মসূচি শুরু করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারের রেললাইন আটকে তাঁদের আন্দোলন শুরু হয়।
অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, আমরা চাই লিখিত পরীক্ষার সময়সূচি বাস্তবসম্মতভাবে পরিবর্তন করা হোক। দ্রুতই পড়াশোনায় ফিরে যেতে চাই, কিন্তু এত কম সময়ে প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়।
আরেক শিক্ষার্থী এবং শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম জানান, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি, কিন্তু পিএসসি এখনো কঠোর অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে গতকাল কর্মসূচি স্থগিত করেছিলাম, কিন্তু আজও কোনো ইতিবাচক সাড়া পাইনি।
তিনি আরও বলেন, পিএসসি দ্রুত নতুন তারিখ ঘোষণা করে নোটিশ না দিলে আমাদের আন্দোলন চলবে। শনিবারের অবরোধে প্রায় ছয় ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে দেশের সব রেল যোগাযোগ বন্ধ ছিল বলে জানান তিনি।