রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে টিএসসি ও আশপাশের এলাকা, মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্যের পাশে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি এক সংবাদকর্মীর মোটরসাইকেলে লাগে, ফলে বাইকটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর আশপাশের মানুষ ছুটোছুটি শুরু করে, অনেকেই দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ছুটে গিয়ে এলাকা ঘিরে ফেলে। ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের পরপরই সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল বের করেন। তারা “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”—এই স্লোগান দিতে দিতে টিএসসি থেকে কলাভবনের দিকে অগ্রসর হন।
এদিকে ঘটনার পরপরই শাহবাগ ও নীলক্ষেতমুখী প্রবেশপথে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে যাতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।