ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা যাদের প্রত্যাখ্যান করেছে, দেশের জনগণ তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
হলে অবস্থানরত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিপন বলেন, ৫ আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে গোপন রাজনৈতিক কার্যক্রম চলত, একটি গোষ্ঠী আবারও সেই ধরনের তৎপরতা শুরু করেছে বলে তাদের আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জুলাই আন্দোলনের সময় পদত্যাগের কথা বললেও এখনও হলে অবস্থানরত সাবেক ছাত্রলীগ কর্মীদের কার্যক্রম নজরে রাখার আহ্বান জানান তিনি।
শিপন দাবি করেন, ফ্যাসিবাদী অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়ায় সংশ্লিষ্টরা আবারও সহিংসতার পথ বেছে নিচ্ছে।
তিনি বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম ও রাব্বির রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
এদিকে, রাত সাড়ে ১২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতারা।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শহীদ মিনার আবাসিক এলাকা সংলগ্ন সড়কে দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।