জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির আমির মামুনুল হক।
মামুনুল হক জানান, আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে আটটি দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সেদিন আন্দোলনরত সব দল গণমিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে একত্রিত হবে। যদি ৬ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে ১১ নভেম্বর রাজধানীতে বিশাল সমাবেশ করা হবে।”
তিনি আরও বলেন, “দুই মাস ধরে আমরা যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো দাবি পূরণ হয়নি। দেশের মানুষের অভিপ্রায়ের ভিত্তিতে জুলাই বিপ্লবের অর্জনকে আমরা ত্বরান্বিত করতে চাই। রাজনৈতিক সংলাপের বিষয়ে আমরা আন্তরিক, কিন্তু অগ্রগতি দেখতে পাচ্ছি না।”
পাঁচ দাবির মধ্যে নতুন করে যুক্ত হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি করতে হবে,
২. জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজন করতে হবে,
৩. সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আহ্বান জানিয়েছেন, আমরা দেখতে চাই অন্য দলগুলো কিভাবে সাড়া দেয়। তবে প্রধান উপদেষ্টার উচিত রেফারির ভূমিকা পালন করা, শুধু দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।