রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় নতুন আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান ৮৩ নম্বর সড়কে চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তারা হলেন– রিয়াদ, ইব্রাহীম হোসেন, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও আমিনুল ইসলাম। পুলিশের দাবি, সমন্বয়কের পরিচয় দিয়ে তারা একটি চক্রের মাধ্যমে চাঁদা আদায় করছিলেন। এর মধ্যে ১০ লাখ টাকা আগেই গ্রহণ করা হয়েছিল, বাকি ৪০ লাখ নিতে গিয়ে তারা ধরা পড়েন।
রিয়াদের বাড়ি নোয়াখালীর সেনবাগে হলেও তিনি রাজধানীর ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করতেন। গ্রেফতারের পর রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন নেতাকে বহিষ্কার করে এবং সারাদেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব শাখা কমিটি স্থগিত ঘোষণা করে।
চাঁদাবাজি ও জালিয়াতির ঘটনায় যুক্ত নতুন মামলায় চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে ছাত্র রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।