নেত্রকোনা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জেলা জামায়াতে ইসলামী শহরের মোক্তারপাড়া বড় মসজিদ সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিস।
এনসিপির নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর আমির মোঃ রফিকুল ইসলাম, নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমির প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কিভাবে এখনও জুলাই যোদ্ধাদের উপর হামলা করে? প্রশাসনের মধ্যে এখনও যারা ফ্যাসিষ্ট আছে তাদের বিতারিত করতে হবে। অবিলম্বে আওয়ামী গুন্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধারা সজাগ আছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। এদেশে আর কোন ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না।