অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারকে আগস্ট থেকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। এই খাদ্যবান্ধব কর্মসূচি ছয় মাসব্যাপী চলবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, “আগস্ট থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আবার চালু হচ্ছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে চাল বিতরণ চলবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে এই কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চ মাসে চাল দেওয়া হবে।”
সরকার বলছে, খাদ্য নিরাপত্তা ও সম্ভাব্য বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সরকারি খাতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বেসরকারি খাতে আরও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্য উপদেষ্টা জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে, যাতে তারা স্বল্পমূল্যে খাদ্য সংগ্রহ করতে পারে। সরকারের এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি, দুর্যোগকালীন সহায়তার একটি অংশ হিসেবেও কাজ করবে বলে আশা করা হচ্ছে।