নিজ নিজ এলাকার খাস জমি ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে নিয়ম অনুযায়ী বরাদ্দ দিতে সংসদ সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ভোলার সংসদ সদস্য নুরুল ইসলাম খাস জমি সংক্রান্ত বিষয় উত্থাপন করলে স্পিকার এ আহ্বান জানান।
স্পিকার বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ভোলার প্রায় ২০ হাজার ভূমিহীন মানুষকে খাস জমির দলিল দেওয়া হয়েছিল। তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ বিষয়ে আগ্রহ নিয়ে কাজ করলে অনেক দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হতে পারেন।
তিনি আরও বলেন, যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া গেলে এটি একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে।