মোঃ হাচান আল মামুন,দীঘিনালা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আদেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল ৭ জুলাই চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়।
মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক আদেশে পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ধারা ১৪ অনুযায়ী শেফালিকা ত্রিপুরাকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়,
পরিষদের সদস্যদের মধ্য থেকে অস্থায়ীভাবে চেয়ারম্যান নিয়োগের বিধান রয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এ আদেশ জেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে, শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদী স্থানীয়রা। তবে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, গতকাল মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে অভিযোগের ভিত্তিতে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপরই জেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়