সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ডাবাইল বিলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১,২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৬০টি চায়না দুয়ারি জাল (মোট ১,২০০ মিটার) জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সখীপুর থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, প্রজনন ও দেশীয় মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।