বিশ্বখ্যাত তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ব্যয় কমানো ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের পুনর্গঠন কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার কর্মীকে পুনর্গঠনের আওতায় আনা হচ্ছে। এ তথ্য সোমবার (২৯ জুন) প্রতিষ্ঠানটি জানিয়েছে।
এই পরিকল্পনার অধীনে লাকি স্ট্রাইক ও ডানহিল ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠানটি সরাসরি প্রায় ৫,৫০০ কর্মী ছাঁটাই করবে। পাশাপাশি আরও প্রায় ৩,৫০০ কর্মীকে অ্যাকসেঞ্চারের মতো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। তবে যুক্তরাষ্ট্রের বাজারকে এই পুনর্গঠন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদেউ মারোকা জানিয়েছেন, কোম্পানিকে আরও দক্ষ, ব্যয়-সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতি সহায়তা ও সম্মানজনক আচরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, প্রথাগত সিগারেটের চাহিদা কমে যাওয়া এবং ভ্যাপ ও নিকোটিন পাউচের মতো বিকল্প পণ্যের দিকে ঝোঁক বাড়ায় উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের প্রয়োজন কমছে। এ ছাড়া গত কয়েক বছর ধরে কোম্পানিটির আয় ও মুনাফা প্রবৃদ্ধি মন্থর থাকায় বিনিয়োগকারীদের চাপও বেড়েছে।
বিএটি এর আগে উৎপাদনশীলতা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল, তবে এবার ঘোষিত পদক্ষেপের পরিমাণ অনেক বড় হওয়ায় বাজারে আলোচনার সৃষ্টি হয়েছে। ঘোষণার পর লন্ডন স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমে যায়।
কোম্পানিটি ২০২৭ সালের মধ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড এবং ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৬০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে মাঝারি মেয়াদে ৩ থেকে ৫ শতাংশ বার্ষিক রাজস্ব বৃদ্ধির পরিকল্পনাও ঘোষণা করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?